মমতা-কংগ্রেস মার্জার গুজব! কেসি বেণুগোপালের স্পষ্ট বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে ছড়ানো রাজনৈতিক জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে জাতীয় কংগ্রেস। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।সাম্প্রতিক দিল্লি সফরে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীর বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়। এমনকি কংগ্রেস ও তৃণমূলের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা বা একীভূতকরণ নিয়েও গুঞ্জন ছড়ায়।তবে কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সংবাদ সম্মেলনে জানান, “সব জল্পনা ভিত্তিহীন। সাম্প্রতিক বৈঠকে শুধুমাত্র জাতীয় ইস্যু নিয়েই আলোচনা হয়েছে, দলীয় একীভূতকরণ নিয়ে কোনো কথা হয়নি।”দলের আরেক নেতা জয়রাম রমেশও এই খবরকে “সম্পূর্ণ ভুয়া” বলে দাবি করেন। তিনি জানান, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।অন্যদিকে রাজনৈতিক সূত্রের দাবি, কংগ্রেসের ভেতরে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ এই ধরনের সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একীভূতকরণ বা মমতাকে দলে নেওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়।প্রসঙ্গত, সম্প্রতি দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জরুরি বৈঠক করে। সেখানে দেশের মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে তৃণমূল কংগ্রেস নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দলটির দাবি।
এদিকে কংগ্রেস জানিয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তারা দেশব্যাপী কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামবে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও জনসমস্যাকে কেন্দ্র করেই এই কর্মসূচি ঘোষণা করা হবে।