হার্ট অ্যাটাকের পর মৃত্যুঝুঁকিতে থাকা রোগীর প্রাণ বাঁচালেন ওসমানী মেডিকেলের ডা. মোশারুল হক

হার্ট অ্যাটাকের পর হৃদ্‌যন্ত্রের প্রধান ধমনি লেফট মেইন করোনারি আর্টারিতে (Left Main Coronary Artery) ১০০ শতাংশ ব্লক ধরা পড়ে ৬৫ বছর বয়সী প্রণয় নন্দীর। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাঁর মৃত্যুঝুঁকি ছিল প্রায় ৯৯ শতাংশ। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে জরুরি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (PCI) সম্পন্ন করে তাঁর প্রাণ রক্ষা করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোশারুল হক। তাঁর নেতৃত্বে ক্যাথল্যাব টিম সফলভাবে রোগীর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট (রিং) স্থাপন করে। বর্তমানে ভালো আছেন প্রণয় নন্দী।গত ২৩ নভেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা ও সাবেক ডাক বিভাগের কর্মকর্তা প্রণয় নন্দী। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান ধমনি লেফট মেইন করোনারি আর্টারিতে ১০০ শতাংশ ব্লক শনাক্ত হয়। ধমনিটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জীবনসংকট তৈরি হয়।এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে PCI করার প্রয়োজন দেখা দেয়। বাবার জীবন বাঁচাতে স্বজনরা সিলেটের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেন। তবে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।রোগীর সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত চিকিৎসার উদ্যোগ নেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোশারুল হক। তাঁর নেতৃত্বে ক্যাথল্যাব টিম অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিকিৎসাপ্রক্রিয়া সম্পন্ন করে সফলভাবে জরুরি PCI করে। এ সময় রোগীর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট স্থাপন করা হয়। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান প্রণয় নন্দী।রোগীর চিকিৎসার বিষয়ে সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোশারুল হক বলেন, “রোগীর লেফট মেইন করোনারি আর্টারিতে ১০০ শতাংশ ব্লক ছিল। এ অবস্থায় তাঁর মৃত্যুঝুঁকি ছিল প্রায় ৯৯ শতাংশ। রোগীকে বাঁচাতে প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জরুরি PCI সম্পন্ন করতে আমাদের অনেক বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কারণ, হৃদ্‌যন্ত্রের প্রধান ধমনি সম্পূর্ণ বন্ধ থাকায় চিকিৎসাপ্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব প্রতিকূলতা মোকাবিলা করে সফলভাবে PCI সম্পন্ন করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা ভালো। নিয়মিত ওষুধ সেবন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে তিনি সুস্থ থাকতে পারবেন।”বাবার জীবন ফিরে পাওয়ায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর ছেলে পিযুজ নন্দী। তিনি মৌলভীবাজার আইনজীবী সমিতির সদস্য।পিযুজ নন্দী বলেন, “বাবার হার্ট অ্যাটাকের পর তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে বাঁচাতে আমরা সিলেটের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা না পেয়ে শেষ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডা. মোঃ মোশারুল হক চিকিৎসার উদ্যোগ নেন। তাঁর দূরদর্শিতা, দ্রুত সিদ্ধান্ত ও দক্ষ চিকিৎসাসেবার কারণেই আমার বাবা সুস্থ হয়ে উঠেছেন। আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”চিকিৎসা শেষে বর্তমানে প্রণয় নন্দীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন, প্রয়োজনীয় ফলোআপ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

হার্ট অ্যাটাকের পর মৃত্যুঝুঁকিতে থাকা রোগীর প্রাণ বাঁচালেন ওসমানী মেডিকেলের ডা. মোশারুল হক