‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে মুখ খুললেন ওমর সানি-মৌসুমী
কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি কাজকে ঘিরে নতুন বিতর্কে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নাটকের জন্য চিত্রায়িত ফুটেজকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার প্রচেষ্টার বিরোধিতা করে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত এই কাজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক ছিল, যা পরে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা ছিল। তবে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে—যা তাকে বিস্মিত করেছে।তিনি বলেন, মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া এটি সিনেমা হিসেবে মুক্তি দেওয়া অনৈতিক। এ ধরনের উদ্যোগ পেশাদার শিল্পীদের কাজের প্রতি অবহেলার শামিল বলে মন্তব্য করেন তিনি এবং চলচ্চিত্র হিসেবে মুক্তি বন্ধের দাবি জানান।ভিডিও বার্তায় যুক্ত এক অডিও বক্তব্যে মৌসুমী বলেন, এটি প্রায় এক ঘণ্টার নাটকের গল্প ছিল এবং নির্মাতার অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটি শেষ করেছিলেন। টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়ে মৌখিক সম্মতি দিলেও চলচ্চিত্র হিসেবে মুক্তির জন্য তিনি কোনো অনুমতি দেননি।তিনি আরও অভিযোগ করেন, সিনেমা হিসেবে মুক্তির জন্য প্রয়োজনীয় ডাবিংসহ কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি এবং চলচ্চিত্রের জন্য প্রাপ্য পারিশ্রমিকও তাকে দেওয়া হয়নি।
সব মিলিয়ে, একটি নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরের এই প্রচেষ্টাকে চলচ্চিত্র শিল্পের জন্য ‘অশুভ সংকেত’ হিসেবে দেখছেন এই তারকা দম্পতি।