২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফেলের হার বেশি হওয়ার কারণ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। তাঁর মতে, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণেই এবার অকৃতকার্যের হার বেড়েছে।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি ও গণিত বিষয়ে ফেলের হার তুলনামূলক বেশি এবং পাসের হার কম।কমেছে এসএসসির পাসের হার২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্যএ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।পাসের হারে ঢাকা বোর্ড শীর্ষেসাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।এরপর রয়েছে-যশোরে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩.৬৭ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ।এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ।