বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাতিল হলে ফাইনালে যাবে কে?
এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে ফাইনালে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে পাকিস্তান।জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নকআউট ম্যাচে কোনো ফল না হলে উচ্চতর বাছাই বা আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের পর্বে যাবে।এই নিয়মেই কোয়ার্টার ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় বাংলাদেশ মালয়েশিয়াকে এবং পাকিস্তান হংকংকে পেছনে ফেলে সেমিফাইনালে জায়গা করে নেয়।বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালও যদি বৃষ্টিতে পুরোপুরি পরিত্যক্ত হয়, তখন র্যাঙ্কিংয়ের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ে পাকিস্তান ষষ্ঠ এবং বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে। ফলে ম্যাচে কোনো বল না গড়ালে উচ্চতর র্যাঙ্কিংয়ের কারণে পাকিস্তান ফাইনালে উঠবে।অর্থাৎ বাংলাদেশের জন্য ম্যাচটি সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ। খেলা হলে মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই ফাইনালের দল নির্ধারিত হবে।বাংলাদেশের জন্য অবশ্য স্বস্তির খবরও রয়েছে। আগের কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো।জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আইচি অঞ্চলে ভোর পর্যন্ত কিছু মেঘ থাকলেও পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।তবে শুধু বৃষ্টির সম্ভাবনাই নয়, মাঠের অবস্থাও বড় বিষয়। টানা বৃষ্টির কারণে কোরোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভিজে যাওয়ায় পুরুষদের চারটি কোয়ার্টার ফাইনালের একটিতেও খেলা সম্ভব হয়নি।আয়োজকেরা মাঠ শুকানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করছেন। পর্যাপ্ত রোদ পাওয়া গেলে সেমিফাইনাল আয়োজন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।কোয়ার্টার ফাইনালের চার ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় উচ্চতর বাছাইয়ের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
এখন বাংলাদেশের সামনে মূল লক্ষ্য একটাই বৃষ্টি ও ভেজা মাঠের বাধা পেরিয়ে ম্যাচটি মাঠে গড়ানো।