এমপি হান্নানের উদ্যোগে সংসদ অধিবেশন দেখল নাসিরনগরের শিক্ষার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ, চাতলপাড় ডিগ্রি কলেজ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুন্ডা উচ্চ বিদ্যালয় এবং ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যান।প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে সংসদের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে শিক্ষার্থীরা দর্শনার্থী গ্যালারিতে বসে সরাসরি সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের প্রভাষক ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এমপি এম এ হান্নানের প্রচেষ্টায় নাসিরনগরের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এই সুযোগ পেলেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।