সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

এমপিওভুক্তির দাবিতে সুপ্তশিখা, পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

পাবনার বেড়া উপজেলার সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করার দাবি উঠেছে। বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সরকারি বেতন-ভাতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।সোমবার (৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বিদ্যালয়ের ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বৃক্ষচারা বিতরণ শেষে সমাজসেবা কর্মকর্তা বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করে। বর্তমানে এখানে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু লেখাপড়া করছে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করলেও সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।তিনি বলেন, সরকারি সহায়তা পেলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।পরিদর্শন শেষে সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রতিবন্ধীবান্ধব এবং ২২১ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এর কার্যক্রম সন্তোষজনক।তিনি আরও বলেন, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ থাকলেও শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের সুবিধা রয়েছে। তবে সরকারি বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা কষ্টের মধ্যে রয়েছেন। বিদ্যালয়টি সরকারি সুবিধার আওতায় এলে শিক্ষকরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।শেষে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

এমপিওভুক্তির দাবিতে সুপ্তশিখা, পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা