রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা মাঠে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অসম্পন্ন ও প্রক্রিয়াধীন রয়েছে। এতে সংশ্লিষ্টরা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংগঠনটির দাবি। দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদনগুলোর এমআইএস অন্তর্ভুক্তি দ্রুত সম্পন্ন করা, এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই শেষ হওয়া ব্যক্তিদের গেজেট প্রকাশ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করা।কোনো আবেদনে কাগজপত্রের ঘাটতি থাকলে আবেদনকারীকে তা লিখিতভাবে জানানো এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাগর উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে জুলাই যোদ্ধা আব্দুল হালীম, অ্যাডভোকেট রাসেল মিয়া, সালমান, হাফিজ, আব্দুল গাফ্ফার ও সাংবাদিক মীর দুলাল উপস্থিত ছিলেন। 

জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবি