একনেকে ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ৫টি প্রকল্প, সংশোধিত ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৪টি প্রকল্পের।রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি অর্থবছরের দশম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৮,০৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫,৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।তবে বড় অঙ্কের এই অনুমোদনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সড়ক খাতের কয়েকটি প্রকল্পে একাধিকবার সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের তিনটি প্রকল্পে সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত মেয়াদ বাড়ানোর ঘটনা সামনে এসেছে।এ প্রেক্ষাপটে বিলম্বের কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, অবকাঠামো, সড়ক ও রেল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কাস্টমস আধুনিকায়ন, জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, সীমান্ত সড়ক উন্নয়ন এবং রেলপথ পুনর্বাসন প্রকল্প।