চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে ঘিরে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে নাচোল থানা পুলিশ।আটক ব্যক্তি পারভেজ আলী। তিনি নাচোল উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, গত সোমবার (১৩ জুলাই) ‘চাপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক আইডি থেকে নাচোল থানাকে ঘিরে একটি এআই বা ডিজিটালভাবে তৈরি ভুয়া ছবি পোস্ট করা হয়। ছবিটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।ঘটনাটি পুলিশের নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়।পুলিশের দাবি, এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নাচোল থানা পুলিশ।