প্রাথমিক শিক্ষকদের এআই প্রশিক্ষণ দেওয়া হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক সংলাপে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে তোলা প্রয়োজন।তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলাই নয়, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও তাদের উদ্ভাবনী ভূমিকা রাখতে হবে।প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তির সম্ভাবনাকে একসঙ্গে কাজে লাগানোর মাধ্যমে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল ও স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।অনুষ্ঠানের প্যানেল আলোচনায় মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন দিক উঠে আসে।