সাতক্ষীরায় সভায় চেয়ারম্যানের বক্তব্যে উত্তেজনা, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও দুই কর্মকর্তার মধ্যে মতবিরোধের অভিযোগ উঠেছে।গত ২৭ জুলাই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনার সময় ১০ নম্বর আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন জনগণের ভাতা ও সেবা সংক্রান্ত বিষয় তুলে ধরেন বলে জানা গেছে।চেয়ারম্যানের অভিযোগ, জনস্বার্থে কথা বলার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম তার ওপর ক্ষুব্ধ হন।চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরাই জনপ্রতিনিধিদের দায়িত্ব। তিনি দাবি করেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন নিয়ে সাধারণ মানুষকে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ বিষয়েই তিনি সভায় আলোচনা করেছিলেন।তিনি জানান, ২০২৩ ও ২০২৫ সালে তার ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি অনলাইনে আবেদন করলেও সীমিত সংখ্যক মানুষ ভাতার আওতায় এসেছে। এ বিষয়ে মাঠপর্যায়ে জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।চেয়ারম্যান আরও অভিযোগ করেন, সভায় আলোচনার একপর্যায়ে সমবায় কর্মকর্তা তার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। তবে তিনি পরিস্থিতি স্বাভাবিক রেখে নিজের বক্তব্য শেষ করেন।এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথাও তুলে ধরেছেন চেয়ারম্যান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।