মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা ইউজিসির

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।‘উচ্চশিক্ষা রূপান্তরের কৌশলগত কর্মপরিকল্পনা’-এর খসড়ায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হবে।সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর অনেক শিক্ষার্থী বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে চাকরির বাজারে পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমাতেই ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।ইউজিসি চেয়ারম্যান জানান, উচ্চশিক্ষাকে কর্মমুখী ও শিল্পবান্ধব করতে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ রাখা হয়েছে।তিনি আরও জানান, শিক্ষার্থীদের দক্ষতার বর্তমান অবস্থা ও ঘাটতি নির্ধারণে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে ইন্টার্নশিপ কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা হবে। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এ কার্যক্রমে আর্থিক সহায়তা দেবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।

সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা ইউজিসির