শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
২০১৯ সালের ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিত জয়াসুন্দরা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট।শনিবার (১ আগস্ট) অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়, হামলার আগে গোয়েন্দা সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার প্রমাণ আদালতে উঠে আসে।গত শুক্রবার তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ দুই সাবেক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাদের।২০১৯ সালের ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি পর্যটন হোটেল ও তিনটি গির্জায় ধারাবাহিক বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ৪২ জন বিদেশি নাগরিক ছিলেন।তদন্তে দেশটির একটি সংসদীয় কমিটি জানিয়েছিল, হামলার বিষয়ে একাধিক গোয়েন্দা সতর্কবার্তা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন।আদালতের রায়ে বিচারকদের মধ্যে দুইজন মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেন, আর একজন ভিন্নমত প্রকাশ করে অভিযুক্তদের মুক্তির পক্ষে মত দেন।শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে। দেশটিতে মৃত্যুদণ্ডের সাজা সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নেয়।
এদিকে, শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ দাবি করে আসছে, ইস্টার হামলার পেছনে আরও বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এবং চিহ্নিত হামলাকারীরাই মূল পরিকল্পনাকারী নয়।