দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন
পুলিশ সদস্যদের আধুনিক, দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনাজপুর পুলিশ হাসপাতালে নতুন ইসিজি (ECG) ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ দুটি সেবার উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং উন্নত চিকিৎসাসেবা প্রদান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আধুনিক ইসিজি ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে।তিনি জানান, নতুন এ সেবার মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (Blood Test) করাতে পারবেন। এতে রোগ দ্রুত শনাক্ত, সময়মতো চিকিৎসা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা আরও সহজ ও নির্ভুল হবে।উদ্বোধনের পর পুলিশ সুপার নবস্থাপিত ইসিজি ইউনিট ও ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি আধুনিক চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার, পরীক্ষার নির্ভুলতা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, দিনাজপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন ইউনিটের সদস্যরা।সংশ্লিষ্টরা মনে করছেন, ইসিজি ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালুর মাধ্যমে পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।