শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

হেফাজতের উদ্যোগে এক হচ্ছে সাত ইসলামি দল, আসছে নতুন জোট?

কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দল ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষ পর্যন্ত নতুন একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টির তিনজন করে প্রতিনিধি অংশ নেন। হেফাজতের পক্ষ থেকেও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।সভা শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, সাতটি দল একসঙ্গে থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে ঐক্যের কাঠামো ও কার্যপদ্ধতি কী হবে, তা শিগগিরই আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, হেফাজতের আমির প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চেয়েছেন। আগামী আগস্টের শুরুতে আরেকটি বৈঠকে ঐক্যের রূপরেখা ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা হতে পারে।এদিকে, এই উদ্যোগের ফলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে থাকা কয়েকটি কওমি দলের ভবিষ্যৎ অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, বিদ্যমান জোট ছাড়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সম্ভাব্য জোটের নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর নেতারাই নির্ধারণ করবেন। হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সরাসরি রাজনৈতিক জোটের নেতৃত্বে থাকবেন না; তিনি পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসলামি দলগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমানো এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। জোট গঠন বা নেতৃত্ব চূড়ান্ত করার মতো কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

হেফাজতের উদ্যোগে এক হচ্ছে সাত ইসলামি দল, আসছে নতুন জোট?