ইরান চুক্তি ঘিরে ট্রাম্প প্রশাসনে ভাঙন, শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তীব্র মতপার্থক্য
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই চুক্তি নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন।মঙ্গলবার (১৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের প্রকৃত সদিচ্ছা আছে কি না তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রশাসনের ভেতরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।চূড়ান্ত সিদ্ধান্তের আগে ট্রাম্প ও তার উপদেষ্টারা একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেন। সেখানে ইরানি কর্মকর্তাদের অভ্যন্তরীণ আলোচনায় অসঙ্গত বক্তব্য পাওয়ার কথাও উঠে এসেছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সব মতামত শুনলেও চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে। একই সঙ্গে দাবি করা হয়, চুক্তিটি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে।