তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান।শনিবার (৩ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রাজীব আহসান বলেন, মেহেন্দিগঞ্জের প্রতিটি মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের সচেতন করতে হবে। শুধু প্রশাসনের অভিযান দিয়ে মাদকের বিস্তার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি বলেন, মাদক একজন মানুষের জীবন নষ্ট করার পাশাপাশি একটি পরিবারকেও বিপর্যস্ত করে। এর প্রভাব পড়ে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মসজিদে খুতবা ও ধর্মীয় আলোচনার সময় তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিতে হবে।কোনো তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন না করে চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করার আহ্বানও জানান তিনি।জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইমাম, মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ জন আলেম-ওলামা অংশ নেন।সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত যোগাযোগের সুযোগকে কাজে লাগানো যেতে পারে। মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার হলে তরুণদের কাছে মাদকের ক্ষতিকর প্রভাবের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব। মতবিনিময় সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় আলেম-ওলামাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।