ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, আদালতে চিঠি: ‘চিকিৎসা না পেলে বাঁচব না’
একসময় ক্রিকেট মাঠে পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসিয়েছিলেন। ১৯৯২ সালে অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছিলেন প্রথম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সেই ইমরান খান এখন কারাগারে নিজের জীবন নিয়েই শঙ্কিত। শারীরিক অবস্থার অবনতি ও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোর কাছে জরুরি আবেদন জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।৭৪ বছর বয়সী ইমরান খানের আশঙ্কা, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত না হলে হয়তো আর জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে পারবেন না তিনি। তবে তার চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইমরান খান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের সময় এই চিঠি পৌঁছে দেওয়ার নির্দেশ পেয়েছিলেন তিনি।বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ইমরান অভিযোগ করেছেন, দীর্ঘদিন নির্জন কারাবাস এবং যথাযথ চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।ইমরানের দাবি, গত ১০ নভেম্বর তার রক্তচাপের মাত্রা ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তার দাবি, হৃদ্যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।নিজের শারীরিক পরিস্থিতির বর্ণনা দিয়ে ইমরান লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’২২ ঘণ্টা নির্জন কারাবাসের অভিযোগ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বরে একটি মামলার রায় ঘোষণার পর থেকে কারাগারে তার ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন কক্ষে থাকতে হচ্ছে তাকে।পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি। দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও টেলিফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না।দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে বলেও দাবি করেছেন তিনি। কারাগারের মেডিকেল বোর্ড পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার সুপারিশ করলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান।ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারানোর দাবিইমরান খানের চিঠিতে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া। তার দাবি, গত ফেব্রুয়ারিতে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় জানা যায়, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি।অথচ এর আগে বিষয়টি তার পরিবার কিংবা আইনজীবীদের জানানো হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক এই ক্রিকেটার। তবে পাকিস্তান সরকার জানিয়েছে, তার চোখের চিকিৎসা চলছে এবং সরকারি চিকিৎসকদের প্রতিবেদনে অবস্থার উন্নতির কথা বলা হয়েছে।স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগনিজের চিকিৎসার পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান খান।তার দাবি, গত এপ্রিলে চোখের রেটিনায় জটিলতার কারণে বুশরা বিবির অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু এরপর প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।চলতি মাসে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বুশরাকে তীব্র আলো সহ্য করতে এবং চোখ খুলতে সমস্যা হতে দেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।নিজের জনকল্যাণমূলক কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে ইমরান লিখেছেন, ‘যাদের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই, তারা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য জীবনের বড় একটি সময় হাসপাতাল প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছি। অথচ আজ আমি শুধু নিজের ও স্ত্রীর চিকিৎসা চাইছি।’চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার সরকারেরগত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।ইমরানের অভিযোগ, আদালতের সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তার চিকিৎসা ও কারাবাসসংক্রান্ত বিষয়টি বর্তমানে ফেডারেল সাংবিধানিক আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, ইমরান খান নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী তাকে কারাগারের বাইরের হাসপাতালেও নেওয়া হচ্ছে।মন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ইমরানকে আটবার নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তার শারীরিক অবস্থা ও রক্তচাপ সন্তোষজনক পাওয়া গেছে বলেও দাবি করেছেন তিনি।তারিক ফজলের ভাষ্য অনুযায়ী, কারাগারে ইমরান নিজের পছন্দের খাবার, বই ও টেলিভিশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন। একজন বন্দির চিকিৎসা ও আইনগত অধিকার নিশ্চিত করতে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও জানিয়েছেন তিনি।এর আগে গত ১০ নভেম্বর রাতেও ইমরানকে কারাগার থেকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চোখের পরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, চিকিৎসার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।তবে আদালতের নির্দেশিত বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। সরকারের দাবি, নিরাপত্তাজনিত কারণে হাসপাতাল পরিবর্তন করা হয়েছিল। অন্যদিকে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, এর মাধ্যমে আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি।বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন দুই ছেলেইমরান খানের নতুন চিঠির পর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে কাসিম ও সুলাইমান।কাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বাবার চিঠি পড়ে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। অন্যদিকে সুলাইমান বলেছেন, যথাযথ চিকিৎসার আবেদন কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়; এটি একজন বন্দির মৌলিক অধিকার।ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। এর আগেও তার পরিবারের সদস্য ও আইনজীবীরা কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে অভিযোগ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট অধিনায়কেরাও তার যথাযথ চিকিৎসা ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রীপাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে তার নেতৃত্বেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।বিভিন্ন মামলায় দেওয়া তার দণ্ডের বেশির ভাগই স্থগিত অথবা বাতিল হয়েছে। তবে একটি মামলায় দণ্ড বহাল থাকায় এখনো কারাগারে রয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে।এবার আদালতের কাছে ইমরানের আবেদন, তার ও স্ত্রীর চিকিৎসাসংক্রান্ত আগের নির্দেশগুলো কার্যকর করা হোক। একই সঙ্গে আইনিভাবে নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে চান তিনি।চিঠির শেষদিকে ইমরান লিখেছেন, ‘আমি কোনো বিশেষ সুবিধা চাইছি না। শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং আমাদের চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি। বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’একসময় ক্রিকেট মাঠে বিশ্বজয়ের ইতিহাস গড়া ইমরান খান এখন কারাগারে নিজের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তার শারীরিক অবস্থা, কারাগারের সুযোগ-সুবিধা এবং চিকিৎসা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগের বিপরীতে সরকারের বক্তব্য সব মিলিয়ে পাকিস্তানে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।