‘বরবাদ’-এর পর নতুন লুকে যিশু-ইধিকা, চমকে দিল ফার্স্ট লুক
ঢালিউডের ‘বরবাদ’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের নজর কাড়ার পর এবার একেবারে ভিন্ন অবতারে পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নতুন লুক ও চরিত্রে দেখা যাবে তাদের।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক। সেখানে যিশু সেনগুপ্তকে দেখা গেছে গোয়েন্দা কানাইচরণের চরিত্রে। ধূসর চুল, গোঁফ ও চোখে চশমায় তার লুকে ফুটে উঠেছে বয়সের ছাপ। স্থির দৃষ্টি ও চিন্তামগ্ন অভিব্যক্তিতে চরিত্রটিতে রহস্যের আবহও স্পষ্ট।অন্যদিকে ইধিকা পালকে দেখা গেছে একেবারে ডি-গ্ল্যাম লুকে। নায়িকাসুলভ চাকচিক্য এড়িয়ে সাদামাটা সাজে হাজির হয়েছেন তিনি। ফলে ‘বরবাদ’-এ দর্শকদের পরিচিত যিশু-ইধিকার সঙ্গে নতুন সিনেমার এই লুকে থাকছে বড় ধরনের পার্থক্য।পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, যিশু ও ইধিকার জন্য তিনি ছকভাঙা লুক চেয়েছিলেন। এর আগে তাদের এভাবে দেখা যায়নি বলেও জানিয়েছেন তিনি। সিনেমার সময়কাল, চরিত্রের ধরন ও গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তাদের চেহারা ও শরীরী ভাষা নির্ধারণ করা হয়েছে।সৃজিতের গোয়েন্দা চরিত্রের তালিকায় এর আগে ব্যোমকেশ, ফেলুদা ও শার্লক হোমসের মতো পরিচিত চরিত্র এসেছে। তবে কানাইচরণ যে সম্পূর্ণ আলাদা ধরনের চরিত্র, ফার্স্ট লুকেই তার ইঙ্গিত মিলেছে। পোশাক, চেহারা ও চরিত্রের উপস্থাপনায় আলাদা সময় ও মেজাজ তৈরির চেষ্টা করেছেন পরিচালক।সিনেমাটির গল্প নিয়ে এখনো বেশ কিছু বিষয় গোপন রাখা হয়েছে। কানাইচরণের তদন্তের বিষয় কী, ইধিকার চরিত্রের ভূমিকা কী কিংবা তাদের সম্পর্ক কেমন এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।এর আগে প্রকাশিত একটি ছবিতে ইধিকাকে সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি সিনেমাটির গল্প নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।রাজর্ষি দাস ভৌমিকের লেখা গোয়েন্দা কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। সিনেমাটিতে যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল ছাড়াও অনুজয় চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়সহ আরও অভিনয়শিল্পী রয়েছেন।‘বরবাদ’-এর পর নতুন সিনেমায় যিশু-ইধিকার এই বদলে যাওয়া লুক দর্শকদের কেমন সাড়া ফেলে এবং গোয়েন্দা কানাইচরণের রহস্য কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়।