ভারতে গডকড়ীর পদত্যাগ দাবিতে নতুন ‘ই-২০ জনতা পার্টি’
পেট্রোলে ইথানল মেশানোর সরকারি নীতির প্রতিবাদে ভারতে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ই-২০ জনতা পার্টি’ (ইজেপি)। দেশটির সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ীর পদত্যাগের দাবিতে অনলাইনভিত্তিক এই সংগঠনটি আন্দোলনে নেমেছে।রোববার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর মতো ব্যঙ্গ ও মিমকে প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছে ইজেপি। সংগঠনটি নিজেদের প্রতীক হিসেবে ‘কাঁকড়া’ বেছে নিয়ে ‘হ্যাঁ, আমরা কাঁকড়া’ স্লোগানে প্রচারণা চালাচ্ছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইজেপি কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ীর অবিলম্বে পদত্যাগ দাবি করে। সংগঠনটির দাবি, জ্বালানি নীতিতে গ্রাহকদের পূর্ণ স্বচ্ছতা ও স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দিতে হবে।ইজেপি জানিয়েছে, তারা সরাসরি ইথানল মিশ্রণের বিরোধিতা করছে না। তবে তাদের দাবি, দেশের প্রতিটি জ্বালানি কেন্দ্রে ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রোলের ব্যবস্থা রাখতে হবে, ইথানল মিশ্রণের হার, খরচ ও প্রভাব প্রকাশ করতে হবে এবং গাড়ির ইঞ্জিন, মাইলেজ ও রক্ষণাবেক্ষণের ওপর এর প্রভাব নিয়ে নিরপেক্ষ গবেষণা করতে হবে।জানা গেছে, ২০২১ সালে তৈরি হওয়া একটি এক্স অ্যাকাউন্ট সম্প্রতি নাম পরিবর্তন করে ‘ই-২০ জনতা পার্টি’ নামে সক্রিয় হয়েছে। সংগঠনটির মূল উদ্যোক্তাদের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। তবে আত্মপ্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়ছে।ইথানল মিশ্রিত পেট্রোল বা ই-২০ জ্বালানি নিয়ে ভারতে বিতর্ক চলছে। গাড়ির মালিকদের একাংশের অভিযোগ, এতে ইঞ্জিনের ক্ষতি ও মাইলেজ কমছে। তবে ভারতের সরকারের দাবি, ইথানল মিশ্রণের ফলে জ্বালানি আমদানি ব্যয় কমছে এবং কার্বন নিঃসরণও হ্রাস পাচ্ছে।
এদিকে ইজেপির পাশাপাশি দিল্লির ট্যাক্সি ও পর্যটন পরিবহন সংগঠনগুলোও এ ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই গাড়ি মিছিল এবং ৪ আগস্ট ‘পার্লামেন্ট চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।