ইতালিতে ছোট ভাইকে খুন, নেপথ্যে দ্বিতীয় বিয়ে ও টাকা বিরোধ
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই ইতালিপ্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইতালিতে, পরে অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ।নিহত নয়ন ফকির এবং অভিযুক্ত হুমায়ুন ফকির সম্পর্কে আপন দুই ভাই। তাদের আরও এক বোন রয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন প্রথমে লিবিয়া হয়ে প্রায় ছয় বছর আগে ইতালি যান। পরে চার বছর আগে তিনি ১৩ লাখ টাকা ব্যয়ে ছোট ভাই নয়নকে ইতালিতে নিয়ে যান। পরবর্তীতে নয়ন বিভিন্ন সময়ে তাকে মোট প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করেন।তবুও পারিবারিক টাকার হিসাব ও অতিরিক্ত ৮ লাখ টাকা দাবিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাড়তে থাকে।এরই মধ্যে বড় ভাই হুমায়ুনের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তীব্র হয়। তিনি ছুটিতে দেশে এসে বিয়ের পর ইতালি ফিরে গেলে বিষয়টি পরিবারে ক্ষোভের সৃষ্টি করে। পরে পারিবারিক সিদ্ধান্তে তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।পরিবারের দাবি অনুযায়ী, গত বৃহস্পতিবার ইতালির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নয়ন হুমায়ুনের বাসার নিচে গেলে আগে থেকেই অপেক্ষায় থাকা হুমায়ুন তাকে ছুরিকাঘাত করেন। এতে নয়নের মৃত্যু হয়।নিহতের বোন দিলারা আক্তার অভিযোগ করে বলেন, টাকা-পয়সা ও দ্বিতীয় বিয়ের জেরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান।হুমায়ুনের প্রথম স্ত্রীও পারিবারিক অশান্তি ও সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে নানা অভিযোগ করেন।এদিকে পরিবার জানিয়েছে, হত্যাকাণ্ডের পর হুমায়ুন ভিডিও কলে ঘটনার বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়। ঘটনার পর ইতালি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
টংগিবাড়ী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং এটি মূলত পারিবারিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত একটি হত্যাকাণ্ড।