ইছামতী নদীর ওপর ৬০ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী বাজারের সাকোরপাড় সংলগ্ন ইছামতী নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। নতুন এই সেতু চালুর ফলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা।সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ইছামতী নদীর ওপর সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। এর আগে নদী পারাপারে স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হতো।নতুন গার্ডার ব্রিজ চালুর ফলে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধন শেষে অতিথিরা সেতু পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সেতু পেয়ে এলাকাবাসী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।