চেয়ারম্যানের চেয়ার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, বানিয়াচংয়ে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা-এর ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে।স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ফরিদ উদ্দিন সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে দায়িত্ব গ্রহণে ইউনিয়ন পরিষদে আসেন। তবে দায়িত্ব হস্তান্তর নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের সঙ্গে বিরোধ দেখা দেয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়।এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।