আলমবিদিতর ইউপিতে উত্তেজনা, প্রশাসককে ঘিরে বিক্ষোভের অভিযোগ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদে প্রশাসককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামানকে লক্ষ্য করে বিক্ষোভ, গালিগালাজ এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুর রহমান, প্রশাসক আফতাবুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের দাবি, ইউনিয়ন পরিষদের বাইরে অবস্থান নিয়ে একদল ব্যক্তি প্রশাসকের দায়িত্ব প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষের সামনে গিয়ে দরজায় আঘাত করেন এবং উচ্চস্বরে গালিগালাজ করেন।ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, কর্মকর্তারা যে কক্ষে অবস্থান করছিলেন, বিক্ষোভকারীরা সেই কক্ষের সামনেও গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন।পরিস্থিতির একপর্যায়ে কয়েকজন ব্যক্তি প্রশাসক ভেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুর রহমানের দিকে এগিয়ে যান। পরে তিনি প্রশাসক নন বুঝতে পেরে সেখান থেকে সরে যান বলে জানান রেজানুর রহমান।তবে প্রশাসক আফতাবুজ্জামান বলেন, বাইরে কিছু লোক চিৎকার-চেঁচামেচি করলেও তারা কক্ষে প্রবেশ করেননি। একই ধরনের বক্তব্য দিয়েছেন ইউএনও জেসমিন আক্তারও। তিনি বলেন, বাইরে উত্তেজনা থাকলেও কর্মকর্তারা যে কক্ষে ছিলেন সেখানে কেউ প্রবেশ করেনি।
জানা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং উপজেলা তথ্য আপার আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই দিন আলমবিদিতর ইউনিয়নে যান। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাইরে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।