ইউজিসির মেধাবৃত্তি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষার্থী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ও স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ২৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮২ হাজার টাকার মেধাবৃত্তি লাভ করেন।মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-পরিসংখ্যান বিভাগের পূজা শ্রী বিশ্বাস, বাংলা বিভাগের আয়েশা আক্তার, অর্থনীতি বিভাগের ইসরাত জাহান রুমী, মার্কেটিং বিভাগের হুরে জান্নাত অর্না, আইসিটি বিভাগের জান্নাতুল ফেরদাউস হৃদ্যি, আইন বিভাগের মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী কোটায় প্রত্নতত্ত্ব বিভাগের জান্নাতুল ফেরদৌস।অনুভূতি প্রকাশ করে পূজা শ্রী বিশ্বাস বলেন, ইউজিসির মেধাবৃত্তি অর্জন ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। পরিবারের সদস্য, শিক্ষক ও সিনিয়রদের অনুপ্রেরণাই তাঁকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি বলেন, একাডেমিক জীবনের দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের দিকনির্দেশনার স্বীকৃতি হিসেবে এই মেধাবৃত্তি পেয়েছেন তিনি।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন যথাযথভাবে তুলে ধরা এবং আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হলে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। এ লক্ষ্যে তিনি বিভাগীয় প্রধানদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।