পুলিশের ওপর হামলা, হাতকড়া পরা অবস্থায় সোহেল রানাকে নিয়ে পালালেন সহযোগীরা
পাবনার বেড়ায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বেড়া থানাধীন সম্ভুপুর মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর যুবলীগের সদস্য মো. সোহেল রানা (৩৮) কাগমাইরপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।গ্রেফতারের পরপরই একই এলাকার লিমন (২২), জিকরুল (২২), শরীফ (৩৫), আকাশ (৩২), রিদয় (১৮)সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে হাতকড়া পরা অবস্থায় সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন।ঘটনার সময় উপস্থিত লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এদিকে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে মাত্র দুইজন পুলিশ সদস্য কেন ঘটনাস্থলে গিয়েছিলেন এ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি সোহেল রানাসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।