রাতে ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সতর্ক আবহাওয়া অফিস
দেশের আট জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতিভারী বর্ষণও।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।