মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

কক্সবাজারে ভারী বর্ষণ সতর্কতা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত!

কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকায় আবহাওয়া পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েক দিন আরও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে।সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, এই পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। আগামী ৯৬ ঘণ্টা অর্থাৎ চার দিন ধরে জেলাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার সকালে সদর উপজেলার চৌফলদন্ডী এলাকায় বজ্রপাতে এক লবণ চাষীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খোলা মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও আবহাওয়া বিভাগ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কক্সবাজারে ভারী বর্ষণ সতর্কতা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত!