সীমান্তে স্থল ও বিমান হামলা, ২৯ জঙ্গি নিহতের দাবি পাকিস্তানের
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান ও বিমান হামলায় নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাতুল আহরার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ২৯ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সরকার।রোববার (২৮ জুন) রাতে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় পাকিস্তান-আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ২৮ জুন গোয়েন্দাভিত্তিক একটি পরিকল্পিত স্থল অভিযান চালানো হয়। পরে ‘অপারেশন গাজাব লিল-হক’-এর অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন রাতে সীমান্তের ওপারে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।পাকিস্তান সরকারের দাবি, স্থল অভিযানে জঙ্গি কমান্ডার খান ফরোশ ওরফে জাবাল এবং ভারতের মদদপুষ্ট বলে পাকিস্তানের দাবি করা জামাতুল আহরারের আরও তিন সদস্য নিহত হন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।সরকারের ভাষ্য অনুযায়ী, পরবর্তী বিমান হামলায় আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে জঙ্গিদের তিনটি ঘাঁটি ধ্বংস করা হয়। এতে আরও ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংসের কথাও জানানো হয়েছে।পাকিস্তান বলছে, সম্প্রতি খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।গত শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের একটি সদর দপ্তরে হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত হন। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজনকে আটক করা হয়েছে।নিরাপত্তা সূত্রের দাবি, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজেকে উসমান আলী পরিচয় দিয়ে বলেছেন, তিনি প্রায় এক সপ্তাহ আগে আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানে প্রবেশ করেছিলেন।তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি জানান, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।পাকিস্তান-আফগান সম্পর্কের টানাপোড়েন২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে টিটিপিসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নিরাপদ আশ্রয় রয়েছে। তবে আফগান তালেবান সরকার অতীতেও এ অভিযোগ অস্বীকার করেছে।পাকিস্তান জানিয়েছে, সীমান্তে আফগান তালেবানের গুলিবর্ষণের ঘটনার পর গত ২৬ ফেব্রুয়ারি ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু করা হয়। পরে ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিনের জন্য অভিযান স্থগিত থাকলেও পুনরায় তা চালু করা হয়।এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চীন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে উরুমকিতে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দফার সংলাপ আয়োজনের প্রস্তুতিও চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।