‘আন্ধার’-এর পোস্টারের পেছনে ২ দিনের চমক
ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্মাতা রায়হান রাফীর বড় বাজেটের সিনেমা ‘আন্ধার’। ভৌতিক ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এবার সামনে এসেছে ৩২ সেকেন্ডের একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও। এতে পোস্টার তৈরির নেপথ্যের নানা মুহূর্ত উঠে আসায় দর্শকের আগ্রহ আরও বেড়েছে।সম্প্রতি প্রকাশিত পোস্টারের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয় পোস্টার ফটোশুটের নেপথ্যের ভিডিও। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা।নির্মাতা রায়হান রাফী জানান, পোস্টার তৈরির পেছনের গল্প দর্শকদের জানাতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় ব্যস্ত শুটিং সেট, শিল্পীদের প্রস্তুতি এবং নির্মাণ দলের নানা আয়োজন।মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেকের কাজের মাধ্যমে চরিত্রগুলোর বিশেষ লুক তৈরি করা হয়। এরপর ক্যামেরার সামনে দেখা যায় চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। সাদা পোশাক, রহস্যময় অভিব্যক্তি ও সেটের আবহে ফুটে ওঠে সিনেমাটির ভৌতিক পরিবেশ।বিহাইন্ড দ্য সিন ভিডিওতে রয়েছে লাইট, ক্যামেরা, নির্মাতার নির্দেশনা এবং পুরো টিমের পরিশ্রমের দৃশ্য। একটি সাধারণ স্টুডিওকে কীভাবে রহস্যময় আবহে রূপ দেওয়া হয়েছে, তারই ঝলক দেখা গেছে এতে।রায়হান রাফী জানিয়েছেন, ‘আন্ধার’-এর পোস্টার ফটোশুটে টানা দুই দিন কাজ করা হয়েছে। কনসেপ্ট অনুযায়ী প্রতিটি পোস্টার তৈরিতে বিশেষ সময় দেওয়া হচ্ছে। সামনে সিনেমাটির আরও পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। পোস্টার ও বিহাইন্ড দ্য সিন প্রকাশের পর থেকেই ‘আন্ধার’ ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে।