আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
জেলায় আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা কমিয়ে আনতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন ও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং, REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু শুধু ব্যক্তিগত নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদকাসক্তি, সামাজিক চাপ ও হতাশা এ ধরনের ঘটনার অন্যতম কারণ।তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কাউন্সেলিং কার্যক্রম সম্প্রসারণ এবং সংকটাপন্ন ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় অংশগ্রহণকারীরা আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে বিভিন্ন বাস্তবমুখী সুপারিশ তুলে ধরেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।