মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত গত মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।অফিস আদেশে উল্লেখ করা হয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ৪ ধারার উপধারা (২) ও (২)(ক) অনুযায়ী সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে তিন বছরের জন্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।একই আদেশে বিদায়ী চেয়ারম্যান মো. এনামুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে বলেও উল্লেখ করা হয়।জানা যায়, মেয়াদ শেষ হওয়ার আগেই শিক্ষা ছুটিতে যাওয়ায় মো. এনামুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন আতিকুর রহমান।নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে প্রতিক্রিয়ায় আতিকুর রহমান বলেন, "বিভাগীয় প্রধান হিসেবে আমার অগ্রাধিকার থাকবে একাডেমিক মানোন্নয়ন, টিমওয়ার্ক, শৃঙ্খলা, স্বচ্ছতা, সহশিক্ষা কার্যক্রম এবং উদ্ভাবনকে উৎসাহিত করা। ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে, শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নে এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। আমি সহযোগিতামূলক নেতৃত্বে বিশ্বাস করি, যেখানে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। নিষ্ঠা, জবাবদিহিতা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিভাগের লক্ষ্য অর্জনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি।"শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আতিকুর রহমান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের হাউস টিউটর এবং পরিবহন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।ব্যতিক্রমধর্মী শিক্ষণ পদ্ধতির জন্যও তিনি শিক্ষার্থীদের কাছে পরিচিত। পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের গাছ লাগানোর অ্যাসাইনমেন্ট প্রদান এবং ব্যবসায় শিক্ষা আরও বাস্তবমুখী করতে মেলা ও উৎসবভিত্তিক হাতে-কলমে শিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়ে তিনি শিক্ষার্থীদের প্রশংসা অর্জন করেছিলেন।

জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান