ডিবি-পুলিশের যৌথ অভিযানে গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি ও থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) মধ্যরাতে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী এলাকার নিজ বাসা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি পুরোনো মামলার তদন্তের স্বার্থে এবং প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়েছে।এর আগে ১৯ জুলাই নিজের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছিলেন আবুল কালাম আজাদ। ওই আবেদনে তিনি হয়রানি ও হুমকির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।আটকের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তাকে হয়রানি করা হচ্ছে। স্বজনদের দাবি, আগেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।তবে পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে নয়, নির্দিষ্ট মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।আবুল কালাম আজাদ মেসার্স নাহার এন্টারপ্রাইজ, এম.এ ব্রিকস ও মা ব্রিকসের স্বত্বাধিকারী। তিনি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
তার আটকের ঘটনায় এলাকায় আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।