খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ যুবকের নাম মামুন মীর। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত মীরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।