শ্রীমঙ্গলে মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা
‘মানুষের অধিকার রক্ষায়, মানুষের পাশে’-এই প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, মানবাধিকার সুরক্ষা এবং অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক-টিআইবি) শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফীসহ বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের আইডি কার্ড ও অভিনন্দনপত্র দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শুধু কথা বললে হবে না, বাস্তব জীবনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সভাপতির বক্তব্যে শাহ্ মসুদ আহমেদ বলেন, নতুন কমিটি মানবাধিকার সুরক্ষা ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং ন্যায় ও মানবতার পক্ষে সোচ্চার থাকাই হবে সংগঠনের মূল লক্ষ্য।সভায় বক্তারা আইনশাসন প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। নবগঠিত কমিটির সদস্যরাও মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।শেষে অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ।