ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা সভা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন মেনে চলা, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, প্রয়োজন ছাড়া কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করলে এর কার্যকারিতা কমে যেতে পারে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে রোগীদের পাশাপাশি ওষুধ বিক্রেতাদেরও অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।এ সময় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন এবং জনগণের মধ্যে নিরাপদ ওষুধ ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় ওষুধ ব্যবসায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।