শিবপুরে অসহায় বিধবার পাশে ইউএনও ফারজানা, পেলেন ঘর মেরামতের সহায়তা
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের অসহায় ও নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন মিলন রাণী দাস। তার দুরবস্থার খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন রাণী দাস।স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা প্রশাসনের দেওয়া ঢেউটিন ও এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত তার বসতঘর সংস্কারের কাজ করা হবে। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বসবাস থেকে কিছুটা স্বস্তি পাবেন তিনি।
এলাকাবাসী ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।