সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

দুই দশকের গান নিয়ে মঞ্চে ফিরছেন অরিজিৎ সিং

দুই দশকের সংগীতযাত্রা উদযাপনে এবার বড় পরিসরে মঞ্চে ফিরছেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং। ভারতের ৯টি রাজ্যের ৯টি শহরে কনসার্ট সফরের ঘোষণা দিয়েছেন তিনি।সোমবার (৫ অক্টোবর) অরিজিৎ জানান, আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে তার এই বিশেষ সফর। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে গান পরিবেশন করবেন তিনি।প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার পর ভারতের মঞ্চে এটিই হতে যাচ্ছে অরিজিৎ সিংয়ের প্রথম বড় সংগীত আয়োজন। সফরে তার দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করা হবে।ফলে অরিজিতের সংগীতজীবনের নানা অধ্যায়, আবেগ ও বৈচিত্র্য একসঙ্গে উপভোগের সুযোগ পাবেন ভক্তরা। প্রিয় গানগুলো সরাসরি মঞ্চে শোনার অপেক্ষায় ইতোমধ্যেই উচ্ছ্বসিত শ্রোতারা।কনসার্টের আয়োজনও হচ্ছে বড় পরিসরে। থাকবে বিশেষ নকশার বহুস্তরীয় মঞ্চ, দীর্ঘ রানওয়ে, ৩৬০ ডিগ্রি শব্দব্যবস্থা, গতিশীল এলইডি আলো, বড় পর্দা, লেজার লাইট ও স্টেডিয়াম উপযোগী আতশবাজি।তবে চোখধাঁধানো আয়োজনের মধ্যেও মূল আকর্ষণ হিসেবে থাকছে অরিজিতের কণ্ঠ ও গান।দুই দশকের এই দীর্ঘ পথচলার জন্য শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অরিজিৎ। তার মতে, এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ তার ভক্তরা যারা নিজেদের মতো করে তার গানগুলোকে বাঁচিয়ে রেখেছেন।ভারতের বিভিন্ন শহরে গিয়ে সেই শ্রোতাদের ভালোবাসা সরাসরি অনুভব করার অপেক্ষায় রয়েছেন অরিজিৎ। একই সঙ্গে এত গান, স্মৃতি ও মানুষের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অরিজিতের কনসার্ট সফরের টিকিট পাওয়া যাবে ‘থাম্পএন’ প্ল্যাটফর্মে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ অক্টোবর দুপুরে।

দুই দশকের গান নিয়ে মঞ্চে ফিরছেন অরিজিৎ সিং