বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জ টু ঢাকা রুটে এক জোড়া ট্রেন দিচ্ছে সরকার

ঢাকা-গোপালগঞ্জ রুটে যাত্রীসেবায় নতুন সম্ভাবনা তৈরি করেছে রেলওয়ে। গোপালগঞ্জের জন্য নতুন দুটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ‘অভিযাত্রী কমিউটার’ নামে প্রস্তাবিত এই ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত নথি ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে।রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়েছে, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে নতুন এই ট্রেন পরিচালনা করা সম্ভব। প্রস্তাব অনুযায়ী ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনের নম্বর ১৩৬ এবং গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের নম্বর ১৩৫ নির্ধারণ করা হয়েছে।‘অভিযাত্রী কমিউটার’-এ থাকবে মোট ৮টি কোচ। প্রতিটি কোচে সর্বোচ্চ ৯৭টি আসন থাকায় পুরো ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৬০৯টি। ট্রেনটি কাশিয়ানী জংশন ব্যবহার করে চলাচল করবে।সময়সূচি অনুযায়ী, প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে ট্রেনটি। সেখানে ৩০ মিনিট বিরতির পর রাত ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে এসে রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীতে পৌঁছাবে। ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট।রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ট্রেনটিতে শোভন ও মেট্রো টাইপ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা ও মহেশপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ট্রেন চালু করতে কোনো চলমান ট্রেন বন্ধ করতে হবে না। তবে কিছু বন্ধ স্টেশন চালু এবং নতুন ক্রু ও গার্ড নিয়োগের প্রয়োজন হবে। প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে, ট্রেনটি চালু হলে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলার শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াতে সময় ও খরচ-দুইই সাশ্রয় হবে।

গোপালগঞ্জ টু ঢাকা রুটে এক জোড়া ট্রেন দিচ্ছে সরকার