অভয়নগরে খাল দখলমুক্ত অভিযান, পুড়ল হাজার মিটার অবৈধ জাল
যশোরের অভয়নগরে সরকারি খাল দখল করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল, ভেসাল জাল ও পাটা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার।অভিযানে শুভরাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য, থানা পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল, ৩০০ মিটার কারেন্ট জাল, ৯টি ভেসাল জাল ও ২টি পাটা জব্দ করা হয়। পরে সরকারি বিধিমালা অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার বলেন, অবৈধ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সরকারি খাল ও উন্মুক্ত জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক অভিযানের ফলে সরকারি জলাশয়ে অবৈধ মাছ শিকার কমবে এবং দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।