খুলনায় ভুল তথ্য ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নারী অধিকারভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাদাবন সংঘ-এর আয়োজনে "ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাই" বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে তথ্য শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই-বাছাই করা উচিত। কোনটি ভুল তথ্য (Misinformation) এবং কোনটি অপতথ্য (Disinformation)—সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করেছে, তাই তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ জরুরি।সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. সায়েদুর রহমান, জেলা আইসিটি কর্মকর্তা মো. আলীমুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর প্রজেক্ট অফিসার লাইসা মাহমুদ হেমা।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম সহকারী বুশরা আফরোজ। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক লিপি রহমান। প্রকল্পের ধারাপত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রাম অফিসার নওশীন নাওয়াল চৌধুরী।অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।আয়োজকরা জানান, স্বাধীনতা প্রকল্প-এর আওতায় বাদাবন সংঘ খুলনা বিভাগের ১০ জেলার তরুণ-তরুণীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।