সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

ছাতকে স্কুল-কলেজে ৩ কোটি টাকার ভবনের ঘোষণা এমপি মিলনের

সুনামগঞ্জের ছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে ফার্নিচারসহ একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।রোববার (১৪ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।এ সময় তিনি বলেন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের শিক্ষাস্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।একাডেমিক ভবনের পাশাপাশি ছাত্রীদের জন্য একটি কমন রুম নির্মাণের কথাও জানান এমপি মিলন। এছাড়া কলেজ মাঠ পাকাকরণের জন্য ৫ লাখ টাকা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রীর জন্য ১ লাখ টাকা এবং ল্যাবরেটরি উন্নয়নের জন্য আরও ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহিমা মারজাবিন নুরা ও সোনালী দাস শ্রেয়া।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফা আক্তার লিজা এবং গীতা পাঠ করেন রাজদ্বীপ দাস।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, কমিউনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদার সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্টে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

ছাতকে স্কুল-কলেজে ৩ কোটি টাকার ভবনের ঘোষণা এমপি মিলনের