ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী ও অনলাইন ক্যাসিনো কারবারি শিপন রহমানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, অভিযানে শিপন রহমানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানের খামার এলাকার ধানক্ষেত ও সুপারিবাগান ঘিরে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। পুলিশের উপস্থিতি এড়াতে তারা দুর্গম এলাকাকে ব্যবহার করত।পরে কৌশল অবলম্বন করে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন অংশ নেন।পুলিশের দাবি, অভিযানের শুরুতে দেওয়ানের খামার এলাকা থেকে ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও অনলাইন ক্যাসিনো কার্যক্রমে ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শিপন রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়া বা ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্মে জ্যাকপট পাওয়ার মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা আয় করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এ ঘটনায় শিপন রহমানসহ চারজনের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “শিপন রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। বিশেষ অভিযান চালিয়ে তাকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।”তিনি আরও বলেন, উপজেলার মাদক কারবারি ও অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তার অন্যরা হলেন শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও শাকিল আহম্মেদ (১৬)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।