ঘুমের মধ্যেই অনন্যা রাজের মৃত্যু, ২৭ বছরেই থামল অভিনেত্রীর জীবন
মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে গত ১৫ জুলাই।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনন্যা। সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর প্রকাশ করা হয়।বিবৃতিতে পরিবার জানায়, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে সবকিছু মোকাবিলা করছিলেন।পরিবার আরও জানায়, অনন্যা ছিলেন শক্ত মানসিকতার মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার গভীর শূন্যতা অনুভব করছে। একই সঙ্গে তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করে প্রশংসা পান তিনি।এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে দেখা যায় তাকে। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন অনন্যা।
অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।