রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

‎নাসিরনগরের বাঘী গ্রামে পরিত্যক্ত ডোবায় ভাসছিল অজ্ঞাত লাশ, আতঙ্কে কাঁপছে গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাঘী গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঘী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক পরিত্যক্ত ডোবার পানিতে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের অর্ধগলিত লাশ বলে বুঝতে পারেন তিনি। পরে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পচে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্র করে বস্তাবন্দি অবস্থায় থানায় নেওয়া হয়।এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এদিকে, দিনের বেলায় পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘী গ্রামসহ ভলাকুট, চাতলপাড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই নিজেদের নিখোঁজ স্বজনদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন।স্থানীয়দের মধ্যে লাশটির পরিচয় ও মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কে বা কারা, কখন লাশটি ডোবায় ফেলে গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এটি হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়েও চলছে আলোচনা।এ বিষয়ে নাসিরনগর থানার এসআই জাহান ই আলম বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত লাশের পরিচয় শনাক্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হোক।

‎নাসিরনগরের বাঘী গ্রামে পরিত্যক্ত ডোবায় ভাসছিল অজ্ঞাত লাশ, আতঙ্কে কাঁপছে গ্রামবাসী