সুবিশাল দ্বিতল ভবন, পরিপাটি শ্রেণিকক্ষ, যাতায়াতের জন্য পাকা সড়ক, গভীর নলকূপ, দুই কক্ষের শৌচাগার ও খেলার মাঠ—শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই রয়েছে। কিন্তু নেই শিক্ষক-শিক্ষার্থী, হয় না পাঠদান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিদ্যালয়গুলোর আসবাবও নষ্ট হয়ে যাচ্ছে। নদীভাঙনে জনবসতি হারিয়ে যাওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র দেখা গেছে।
একসময় শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকা এসব বিদ্যালয় এখন অনেকটা পরিত্যক্ত। নদীভাঙনে বসতবাড়ি বিলীন হওয়ায় এলাকার মানুষ অন্যত্র চলে গেছেন। ফলে শিক্ষার্থী কমতে কমতে একপর্যায়ে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলো। কিছু এলাকায় নদীভাঙন কমে মানুষ আবার বসতি গড়লেও চালু হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিশুরা।
ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত চানন্দী বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতল ভবনের চারটি পরিপাটি শ্রেণিকক্ষ নিয়ে গড়ে ওঠা বিদ্যালয়টি এখনো তুলনামূলক নতুন। কিন্তু নদীভাঙনে আশপাশের বসতি কমে যাওয়ায় শিক্ষার্থী নেই। শিক্ষকও নিয়মিত আসেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন মাঝেমধ্যে নিজের কাছে থাকা চাবি দিয়ে বিদ্যালয়টি খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আবার বন্ধ করে রাখেন।
আলাপকালে প্রধান শিক্ষক এনায়েত হোসেন জানান, জীবিকার প্রয়োজনে পাশের একটি নূরানি মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করেন তিনি। নিজের প্রিয় বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় তাঁর খুব কষ্ট হয়। এখনো বিদ্যালয়ের চাবি নিজের কাছে রেখেছেন। মাঝেমধ্যে বিদ্যালয় খুলে পরিষ্কার করে আবার বন্ধ করে দেন।
তিনি জানান, একসময় বিদ্যালয়টি বেশ জমজমাট ছিল। তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। কিন্তু নদীভাঙনে পর্যায়ক্রমে দক্ষিণ ও পূর্ব পাশের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাওয়ায় জনবসতি কমে যায়। ফলে শিক্ষার্থীর সংখ্যাও কমতে কমতে শূন্যে নেমে আসে। অন্যদিকে, বেসরকারি এই বিদ্যালয়ের চারজন শিক্ষক কোনো বেতন-ভাতা পেতেন না। নদীভাঙনে তাঁদের বাড়িঘরও বিলীন হওয়ায় তাঁরা অন্যত্র বসতি গড়েছেন। বিদ্যালয় থেকে দূরে চলে যাওয়ায় তাঁরাও আর নিয়মিত আসেন না। তবে এনায়েত হোসেন এখনো বিদ্যালয়ের পাশের একটি বাসায় ভাড়া থাকেন এবং জীবিকার প্রয়োজনে একটি নূরানি মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করছেন।
স্থানীয়রা জানান, ২০০৫ সাল থেকে অব্যাহত নদীভাঙনে হাতিয়ার চানন্দী ইউনিয়নের বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অসংখ্য বাসিন্দা। ভাঙনের কবলে পড়েছে ইউনিয়নের প্রায় ৪৮টি আশ্রয়কেন্দ্র ও ৩০টি প্রাথমিক বিদ্যালয়। বিলীন হয়েছে পাকা সড়ক, ৩০টি ছোট-বড় বাজার, মসজিদ, মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদ ভবনসহ অসংখ্য স্থাপনা। দীর্ঘদিনের ভাঙনে ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার বিস্তৃত এলাকা সংকুচিত হয়ে কোথাও কোথাও মাত্র দুই থেকে তিন কিলোমিটারে নেমে এসেছে। এখনো ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি বড় বাজার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, নলেরচর ভূমিহীন বাজার থেকে কালাদুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদীর কাছাকাছি ছয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বন্ধ। কোনো কোনো বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে ব্যবহার করছেন। তবে নদীভাঙন কিছুটা কমে যাওয়ায় মানুষ আবারও এসব এলাকায় বসতি গড়তে শুরু করেছেন। কিন্তু বিদ্যালয়গুলো চালু না হওয়ায় শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, অনেক শিশু বাজারে দর্জির কাজসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছে।
নলেরচর ভূমিহীন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকরাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চলা নদীভাঙন রোধে অন্তর্বর্তী সরকার ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেটার বাস্তবায়ন চলছে। এতে পশ্চিম পাশের কিছু এলাকায় ভাঙন কমেছে। ফলে মানুষ আবারও সেখানে বসতি গড়তে শুরু করেছেন। আগে থেকেই এসব এলাকায় পাকা সড়ক ও ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় এলাকার কোমলমতি শিশুরা পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার পরিবেশ না থাকায় ঝুঁকির মধ্যে বেড়ে উঠছে এসব শিশু।
এ বিষয়ে হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, একসময় এ এলাকায় নদীভাঙন তীব্র ছিল। অনেক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙন কিছুটা কমে আসায় নদীর পাশে থাকা বিদ্যালয়গুলো পুনরায় চালুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সরেজমিন বিদ্যালয়গুলো পরিদর্শন করে স্থানীয়দের চাহিদা অনুযায়ী প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

মতামত