গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।সোমবার (২২ জুন) দুপুরে বর্ণি বাওড় এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বর্ণি বাওড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।তিনি আরও জানান, অভিযুক্তরা একটি তথাকথিত সংগঠনের নাম ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। একই সঙ্গে জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে বলে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যও ছড়াচ্ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।