মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেড়কুড়ি মগলু বাড়িতে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজনগর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আমির আলী।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়াচর্চার সুযোগ তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজী মো. আমির আলী খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি স্থানীয়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ফতেপুর ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।আয়োজকরা জানান, টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।