লক্ষ্মীপুরে পৃথক তিনটি অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন এবং রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোষের পুকুরপাড় কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মো. রবিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে দুপুর সাড়ে ২টার দিকে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় আবুল কাশেমের চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক মো. আবুল কাশেম (৫৮)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।এদিকে বিকেল পৌনে ৪টার দিকে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরপাতা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি বসতঘর থেকে নীলা আক্তার (২৬) ও ফারিয়া আক্তার (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনটি অভিযানে মোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।